
ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরিতে জলবায়ু অভিযোজন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় ও শিক্ষা কার্যক্রম সমৃদ্ধকরণে ‘লেসন লার্নিং’ (Lesson Learning) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) স্থানীয় অ্যাডাপটেশন লার্নিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর অর্থায়নে পরিচালিত অ্যাডাপটেশন লার্নিং সেন্টারের কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। কর্মশালাটি উদ্বোধন করেন ইউএনডিপির ন্যাশনাল কো-অর্ডিনেটর ড. মোজাম্মেল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং মৎস্য অধিদপ্তরের খামার ব্যবস্থাপক মো. জাকির হোসেন। কর্মশালাটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর অতিরিক্ত পরিচালক ডা. মো. খলিলুর রহমান।
কর্মশালায় দেশের ১০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, উন্নয়নকর্মী এবং জলবায়ু অভিযোজন বিষয়ে অভিজ্ঞ বিভিন্ন অংশীজন অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় উদ্ভাবন, টেকসই জীবিকায়ন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং অভিযোজন কৌশল নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
আয়োজকরা জানান, এ ধরনের লেসন লার্নিং কর্মশালার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের বাস্তব অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য এবং স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞানকে একত্রিত করে ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতিনির্ধারণে কার্যকর অবদান রাখাই তাদের মূল লক্ষ্য।