
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে সংঘটিত এ ঘটনায় আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র উধাও হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় দলীয় নেতারা।
স্থানীয় সূত্র ও দলীয় নেতাদের ভাষ্যমতে, টানা ভারী বর্ষণের কারণে কয়েক দিন ধরেই উপজেলাজুড়ে জনজীবন স্থবির ছিল। মঙ্গলবার রাতেও এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল। ওই রাতে মাছুয়াখালী ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাত ১০টা থেকে ১১টার মধ্যে সভা শেষ করে নেতারা কার্যালয়ে তালা দিয়ে বাড়ি ফিরে যান।
বুধবার (২৯ জুলাই) সকালে কার্যালয়ের তালা ভাঙা দেখে স্থানীয়রা ওয়ার্ড নেতৃত্বকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে মালামাল ও নথিপত্র চুরির বিষয়টি নিশ্চিত হন দলীয় নেতারা।
মাছুয়াখালী ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ পালোয়ান জানান, রাতের অন্ধকারে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে থাকা চেয়ার, টেবিল, টেলিভিশন, ফ্লাস্কসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা।
প্রধান সড়কের পাশে অবস্থিত কার্যালয়ে এ ধরনের চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় নেতারা। তাদের ভাষ্য, মূল সড়কের পাশের কার্যালয়ে তালা ভেঙে চুরির ঘটনাটি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে তারা উপজেলা নেতৃত্বের পরামর্শ চেয়েছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছিদ্দিক আহমেদ মোল্লা ও সাধারণ সম্পাদক শাহ আলম শানু জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং দ্রুত থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
খবর পেয়ে দশমিনা থানা পুলিশের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের এলাকায় প্রাথমিক অনুসন্ধান চালিয়েছে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “মাছুয়াখালী এলাকার একটি অস্থায়ী পার্টি অফিসে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”