
চীনের সামরিক হুমকি প্রতিহত করতে “টি-ডোম” নামের নতুন বহুতল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট। শুক্রবার এক ভাষণে তিনি এই পরিকল্পনা প্রকাশ করে বেইজিংকে শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন “টি-ডোম” ব্যবস্থা ইসরায়েলের “আয়রন ডোম”-এর আদলে তৈরি হবে, যা ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলা প্রতিরোধে কাজ করবে। এটি বিভিন্ন স্তরে আকাশ প্রতিরক্ষা জোরদার করবে—স্বল্প, মধ্যম ও দীর্ঘ পাল্লার আক্রমণ মোকাবিলার জন্য পৃথক প্রতিরোধ স্তর থাকবে।
প্রেসিডেন্ট লাই ছিং-তে বলেন, “তাইওয়ান আত্মরক্ষার অধিকার রাখে, আমরা সংঘাত চাই না, কিন্তু জাতীয় নিরাপত্তা নিয়ে আপস করব না।” তিনি আরও জানান, “টি-ডোম” প্রকল্প দেশীয় গবেষণা ও প্রযুক্তি সক্ষমতা ব্যবহার করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
চীন বারবার দাবি করে আসছে, তাইওয়ান তাদের বিচ্ছিন্ন প্রদেশ, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে একীভূত করা হবে। অপরদিকে, তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে এবং আন্তর্জাতিকভাবে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, “টি-ডোম” চালু হলে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা কাঠামো আরও আধুনিক ও কার্যকর হবে। এটি অঞ্চলে সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে।