
ভোলার মনপুরায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ কুখ্যাত ডাকাত দল ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপন (৫০)-কে আটক করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাত সোয়া ৯টার দিকে উপজেলার কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। আটকের পর স্বপনের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি মাছের আড়ত থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও ৮টি দেশীয় কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, স্বপন দীর্ঘদিন ধরে ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা আলামত ও আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।