
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহনে করে মাছ পাচারের সময় পটুয়াখালীতে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৪ জুন) রাতে আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার টোলপ্লাজা এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস থেকে এসব মাছ জব্দ করা হয়।
কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এ মাছগুলো জব্দ করা হয়। অভিযানকালে সন্দেহভাজন বাসটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৪ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং ১ হাজার ৮০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৬০ হাজার টাকা।
সরকারি সূত্র জানায়, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবেই পরিবহনে করে মাছ পাচারের খবরে টোলপ্লাজা এলাকায় অভিযান চালানো হয়।
এ ঘটনায় বাসটির চালক ও হেলপারদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। পরে উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।