
ঢাকা–হাতিয়া নৌপথে চলাচলকারী এমভি সুগন্ধা লঞ্চ ঝড়ের কবলে পড়ে চরে আটকা পড়ার পর প্রায় ১৭ ঘণ্টা পর যাত্রীদের উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উদ্ধার অভিযান শেষে যাত্রীদের ভোলার ইলিশা লঞ্চঘাটে পৌঁছে দেওয়া হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের ভোলা স্টেশনের কালিগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে অন্তত ৮০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার করা যাত্রীদের পরবর্তী যাত্রার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া যাত্রীদের একজন উপসহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আশ্চর্য জানান, চরে আটকা পড়ার পর তারা নৌবাহিনী ও কোস্ট গার্ডের সহায়তা চান। পরে কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
আরেক যাত্রী দিনাজ উদ্দিন বলেন, লঞ্চটিতে নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক যাত্রী ছিলেন। তাদের স্টিল বডির নৌযানে করে নিরাপদে ইলিশা ঘাটে আনা হয়। তিনি উদ্ধার অভিযানের দ্রুততার জন্য কোস্ট গার্ডকে ধন্যবাদ জানান।
জানা গেছে, যাত্রী চলাচল সহজ করতে সম্প্রতি সরকারি উদ্যোগে এমভি রূপসা ও এমভি সুগন্ধা নামে দুটি নতুন লঞ্চ চালু করা হয়। এর মধ্যে এমভি সুগন্ধা সোমবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে উদ্বোধনী যাত্রা শুরু করে।
কিন্তু যাত্রার প্রথম রাতেই রাত দুইটার দিকে লঞ্চটি ঝড়ের কবলে পড়ে। প্রবল ঢেউয়ের তোড়ে এটি ভোলার ইলিশা ঘাটের অদূরে চর ভৈরবী এলাকায় চরে উঠে আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লঞ্চটি নোঙর করা হয়।
পরবর্তীতে ভাটার কারণে নদীর পানি কমে গেলে লঞ্চটি সম্পূর্ণভাবে আটকে পড়ে। পরবর্তী জোয়ারেও পানি পর্যাপ্ত না থাকায় সেটিকে ভাসানো সম্ভব হয়নি।
কোস্ট গার্ড সূত্র জানায়, খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয় এবং দিনব্যাপী প্রচেষ্টার পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
উদ্ধার হওয়া যাত্রীরা সবাই সুস্থ রয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।