
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার রানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. আল আমিন (২২)। তিনি রানীপুর গ্রামের আবদুল হালিমের পুত্র।
স্থানীয়রা জানান, রাত সাড়ে আটটার দিকে হালিম ডাক্তার মসজিদে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে আল আমিন বাড়ি ফিরছিলেন। এসময় বরগুনা-সুবিদখালী-বাকেরগঞ্জ মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ফয়েজ উদ্দিনও আহত হন। স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।