
পটুয়াখালীর কলাপাড়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার পর বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুলাই দুপুরে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় শিশুটি তার ছোট ভাইকে নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিল। এ সময় শিশুটির মা জরুরি কাজে এবং বাবা জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে নূর মোহাম্মদ হাওলাদার ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় লোকজনের সাড়া পেয়ে তিনি পালিয়ে যান।
পরিবারের সদস্যরা জানান, সামাজিক লজ্জা ও স্থানীয়ভাবে বিচার পাওয়ার আশায় তারা তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করেননি। তবে স্থানীয় পর্যায়ে সুবিচার না পাওয়ায় বুধবার শিশুটির মা খাদিজা বেগম বাদী হয়ে মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, ‘এ ঘটনায় অভিযুক্ত নূর মোহাম্মদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।’