1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

আধুনিকায়ন হচ্ছে ফায়ার সার্ভিস: প্রতি বিভাগে রেসকিউ হেলিকপ্টার, যুক্ত হচ্ছে ৫০০ ড্রোন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

অগ্নিনির্বাপণকারী বাহিনী থেকে পূর্ণাঙ্গ দুর্যোগ মোকাবিলাকারী সংস্থা হিসেবে নিজেদের রূপান্তর করতে একগুচ্ছ আধুনিকায়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিটি বিভাগে রেসকিউ হেলিকপ্টার, পর্যায়ক্রমে ৫০০টি সার্চ ও সার্ভেল্যান্স ড্রোন এবং ২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জনবল বৃদ্ধি, আধুনিক উদ্ধার সরঞ্জাম সংগ্রহ ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে সংস্থাটিকে আন্তর্জাতিক মানের ‘ইমার্জেন্সি রেসপন্স এজেন্সি’তে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, প্রচলিত ভূমিকা থেকে বেরিয়ে জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং বহুতল ভবন ও শিল্পায়নজনিত ঝুঁকি মোকাবিলায় সংস্থাটির সক্ষমতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিকল্পনার অংশ হিসেবে ৭৩টি অগ্নিনির্বাপণ ও উদ্ধার ইউনিট মোতায়েন, উপজেলাভিত্তিক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক (প্রথম ধাপে ৫০টি আধুনিক অ্যাম্বুলেন্স), ইমার্জেন্সি রেসপন্স কন্ট্রোল সেন্টার (ইআরসিসি) এবং বিশেষায়িত ফায়ার সার্ভিস একাডেমি প্রতিষ্ঠা করা হবে। বড় দুর্যোগে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্বে ‘জাতীয় সার্চ অ্যান্ড রেসকিউ ইউনিট’ গঠনের উদ্যোগও রয়েছে।

অবকাঠামো সম্প্রসারণের ক্ষেত্রে স্টেশনবিহীন ও দুর্গম এলাকায় ২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। ঢাকা বিভাগে ১৯টি নতুন ও ৪টি পুরোনো স্টেশন পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফায়ার স্টেশনগুলোর শ্রেণি উন্নীত ও নতুন স্টেশন স্থাপনের কাজ চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অস্থায়ী স্টেশনগুলোকে স্থায়ী জনবল দিয়ে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

জনবল ও প্রশিক্ষণের ক্ষেত্রে প্রায় ২০০ জনবল নিয়োগ, ৭৬টি সহকারী পরিচালকের পদ সৃজন এবং সমসংখ্যক উপসহকারী পরিচালক পদ পুনর্বিন্যাস করা হবে। ফায়ারফাইটারদের নিরাপত্তায় ৩০০ সেট আধুনিক পিপিই সংগ্রহ, ৪০০ জন কমিউনিটিভিত্তিক স্বেচ্ছাসেবক তৈরি এবং ৬ বিভাগীয় শহরে ২০টি ভূমিকম্পবিষয়ক মক ড্রিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া জনবল সাপেক্ষে ৫০ শয্যাবিশিষ্ট ফায়ার সার্ভিস জেনারেল হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

নীতিমালা ও প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে ‘ফায়ার সেফটি কোড-২০২৬’ প্রণয়ন এবং অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন-২০০৩ ও ফায়ার সার্ভিস বিধিমালা-২০১৪ সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হয়েছে। আর্থিক স্বচ্ছতার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটির রাজস্ব আয় ১৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩৫ কোটি টাকায় উন্নীত করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এবং সরকারি ক্রয়ে শতভাগ ই-জিপি পদ্ধতি নিশ্চিত করা হবে।

বিশ্লেষকরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের জরুরি সেবা ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন বলেন, ফায়ার সার্ভিসকে এখন পূর্ণাঙ্গ ‘ইমার্জেন্সি রেসপন্স এজেন্সি’ হিসেবে গড়ে তুলতে হবে। তবে প্রকল্প অনুমোদনের পাশাপাশি নির্ধারিত সময়ে বাস্তবায়ন, দক্ষ জনবল গড়া এবং আন্তঃসংস্থার সমন্বয় নিশ্চিত করা জরুরি।

নিরাপত্তা বিশ্লেষক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন স্টেশন নির্মাণের ক্ষেত্রে নগর পরিকল্পনা ও ট্রাফিক ব্যবস্থার সমন্বয়ের ওপর জোর দিয়েছেন। অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সরকার মুহাম্মদ শামসুদ্দিন আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের জন্য দক্ষ অপারেটর, রক্ষণাবেক্ষণ বাজেট ও শক্তিশালী কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন জানান, জনবল বৃদ্ধি, আধুনিক সরঞ্জাম ও প্রশাসনিক সক্ষমতা বাড়িয়ে দেশের মানুষের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। একই সঙ্গে নিয়োগ ও ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট