
গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল ১২ দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন। শনিবার (৮ আগস্ট) প্রতিনিধি দলটির ঢাকা থেকে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।
জানা গেছে, পাকিস্তানের লাহোরে অবস্থিত ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস (UVAS)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাসুদ রব্বানীর আমন্ত্রণে এ সফরের আয়োজন করা হয়েছে।
সফরকালে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, প্রাণিসম্পদ উন্নয়ন, একাডেমিক কার্যক্রম এবং বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ পরিদর্শন করবে। পাশাপাশি প্রাণিসম্পদ, গ্রামীণ উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময় হবে। সম্ভাব্য সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি পাকিস্তানের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানও পরিদর্শন করবে।
জিজেইউএসের সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে গ্রামীণ উন্নয়ন, প্রাণিসম্পদ ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে।