
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুরে অধিবেশন আহ্বান করা হয়েছে। নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ একাধিক সাংবিধানিক ও আনুষ্ঠানিক কার্যক্রম এ অধিবেশনে সম্পন্ন হবে।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, সাংবিধানিক বিধান অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংসদ সচিবালয় থেকে এ-সংক্রান্ত একটি সারসংক্ষেপ প্রস্তুত করে তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সেটি রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হবে। রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে সংসদ অধিবেশন আহ্বান করবেন। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ১২ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে।সংসদীয় রেওয়াজ অনুযায়ী, নতুন সংসদের প্রথম দিনে নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিতিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত স্পিকারের সভাপতিত্বে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।অধিবেশনের সম্ভাব্য কার্যসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জনস্বার্থে জারি করা বিভিন্ন অধ্যাদেশ আইন হিসেবে অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করা হবে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন এবং এ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া সাম্প্রতিক সময়ে প্রয়াত বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হবে।দীর্ঘ বিরতির পর এবং অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্য দিয়ে গঠিত এই সংসদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ রয়েছে।