1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর দুর্গম চরাঞ্চলে ৮০৮ হতদরিদ্র নারী পেলেন ফ্যামিলি কার্ড বাউফলে হানি ট্র্যাপ মামলার প্রধান আসামির জামিনের প্রতিবাদে কাফনের কাপড় পরে মানববন্ধন পটুয়াখালীতে ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি সভা, কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৭টায় পবিপ্রবিতে ভিসির পদত্যাগ দাবিতে টানা সপ্তম দিনের কর্মবিরতি, স্থবির শিক্ষা কার্যক্রম কলাপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে একাদশ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ নারায়নগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাউফলের একই পরিবারের পাঁচজন নিহত পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভির্যে শ্রী রামকৃষ্ণ দেবের বার্ষিক জন্মোৎসব পালিত কুয়াকাটা সৈকতে জীবিত অলিভ রিডলি মা কচ্ছপ উদ্ধার, চিকিৎসা চলছে কলাপাড়ায় মধ্যরাতে জেলেদের জন্য বরাদ্দকৃত ২৬ বস্তা চাল উদ্ধার পটুয়াখালী সদরে সরকারি খাল ভরাট করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ অমান্য

পটুয়াখালী বিএনপিতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ৮ নেত্রী

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে পটুয়াখালী বিএনপিতে আটজন নেত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও মহিলা দলের নেত্রীরা ইতিমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ মে এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাচাই ২২ ও ২৩ এপ্রিল, আপিলের শেষ তারিখ ২৬ এপ্রিল এবং আপিল নিস্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ ১০ থেকে ১২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত সম্পন্ন হয়েছে।

পটুয়াখালী বিএনপির যে আট নেত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী, তারা হলেন: লায়লা ইয়াসমিন তালুকদার, আনোয়ারা খান, সালমা আলম লিলি, নাজমুন নাহার নাজু, আফরোজা বেগম সীমা, ফারজানা ইয়াসমিন রুমা, জেসমিন জাফর ও ফেরদৌসী বেগম মিলি।

লায়লা ইয়াসমিন তালুকদার জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি, আহ্বায়ক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে পটুয়াখালীর একটি বেসরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।

আনোয়ারা খান জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্জ শাহজাহান খানের সহধর্মিণী। শাহজাহান খান ২০২২ সালের নভেম্বরে মৃত্যুবরণ করেন।

সালমা আলম লিলি পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের সহধর্মিণী এবং বাউফল উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

নাজমুন নাহার নাজু জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং ১৯৯০-এর দশক থেকে দলের রাজনীতির সঙ্গে যুক্ত।

আফরোজা বেগম সীমা বর্তমানে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতির দায়িত্বে রয়েছেন। ফারজানা ইয়াসমিন রুমা একই সংগঠনের সাধারণ সম্পাদক। উভয়েই দলের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন।

জেসমিন জাফর দীর্ঘদিন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি দলীয় গ্রুপিংয়ের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

ফেরদৌসী বেগম মিলি কলাগাছিয়া এসএম সেকান্দার আলী চৌধুরী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক এবং ‘অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত।

জেলা বিএনপির সভাপতি স্নেহাংশ সরকার কুট্টি বলেন, “প্রার্থী যে-কেউ হতেই পারে। কিন্তু দলের কেন্দ্রীয় হাইকমান্ড স্পষ্ট করে দিয়েছে—বিগত ১৬ বছর যারা দলের হয়ে কাজ করেছে এবং যারা ত্যাগী ও পরীক্ষিত, তাঁদেরকেই সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দেওয়া হবে।”

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনগুলো দলীয় প্রতিনিধিত্বের ভিত্তিতে বণ্টিত হয়। বিএনপি বর্তমানে সংসদে বিরোধী দল হিসেবে উপস্থিত না থাকলেও দলীয় প্রক্রিয়ায় মনোনয়ন কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট