
পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিক্ষার্থী ও বাসিন্দাদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে মাদককারবারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চম্পাপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
চম্পাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৌরভ আহমেদ শুভর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, চম্পাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমতাজুর রহমান কোয়েল, যুবদলের সদস্য সচিব আসাদুজ্জামান হাওলাদার এবং ধানখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাব্বি মোল্লা,সহ অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, উপজেলার চম্পাপুর ও ধানখালী এলাকায় মাদকসেবী ও মাদককারবারীদের কার্যক্রম আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করলেও প্রভাবশালী মাদক ব্যবসায়ীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ফলে তরুণ সমাজ মাদকের ঝুঁকিতে পড়ছে বলে তারা উল্লেখ করেন।
সমাবেশ থেকে কলাপাড়ার বিভিন্ন মাদকের হটস্পটে নিয়মিত কম্বিং অপারেশন পরিচালনার দাবি জানানো হয়। একই সঙ্গে মাদক নির্মূলে প্রশাসনের কঠোর ও ধারাবাহিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।