
ভোলায় মায়ের কোল থেকে শিশু সন্তান অপহরণের অভিযোগে দিনভর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে অভিযান চালিয়ে ঢাকার সদরঘাট এলাকা থেকে এক নারীসহ শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় শিশুর মা সুমাইয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রব ও সুমাইয়া দম্পতির শিশু সন্তান অপহরণের অভিযোগ ওঠে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরবর্তীতে তদন্তে জানা যায়, এক নারী শিশুটিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক তাজীব ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) লিমন সড়কপথে ঢাকার সদরঘাট এলাকায় পৌঁছে দোয়েল পাখি-১০ লঞ্চ থেকে ওই নারীসহ শিশুটিকে উদ্ধার করেন।
ভোলা সদর থানার ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে শিশুর মা সুমাইয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।