
ভোলা জেলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে বিশেষ সংবর্ধনা প্রদান করেছে ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। শনিবার সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণমাধ্যমে তাঁর দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করে অনুষ্ঠানে বক্তারা বলেন, তাঁর কর্মজীবন ও অভিজ্ঞতা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য এক অনন্য অনুপ্রেরণা।
গণমাধ্যমে দীর্ঘ পথচলা এবং ভোলার সাংবাদিকতা শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধিত করলো ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। শনিবার সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হাসনাইন আহম্মেদ। আলোচনা পর্বে বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা এবং নির্বাহী সদস্য রানা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা । অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহসভাপতি মো. মেহেদি হাসান নোয়াব।
বক্তারা আবু তাহেরের দীর্ঘ সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ভোলার সাংবাদিকতার ইতিহাসে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাদারিত্ব ও সত্যনিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়ে শেষ হয় এ আয়োজন।