
বরিশালের বানারীপাড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলকে (৩৫) দীর্ঘ ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন বরিশাল র্যাব-৮-এর সদস্যরা।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল র্যাব-৮-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।
গ্রেপ্তার জুয়েল বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার এলাকার আ. হক মিয়ার ছেলে।
র্যাব জানায়, ২০১২ সালে জুয়েলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়।
তবে রায় ঘোষণার সময় জুয়েল আদালতে উপস্থিত ছিলেন না। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৮। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।