
ঝালকাঠি শহরের টিএনটি এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনের প্রতিটি ফ্লোরে একযোগে চুরি ও নিচতলায় এক নারীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। সন্ধ্যায় বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা বাড়ি ফিরে ঘটনাটি টের পান।
নিহত ওই নারীর নাম মলিনা রায় (৪০+)। তিনি ভবনটির নিচতলায় ভাড়া থেকে টেলারিংয়ের কাজ করতেন। ভবনটির মালিক তপন হাওলাদার মধ্যতলায় বসবাস করেন এবং উপরতলায় অন্য ভাড়াটিয়ারা থাকেন।
জানা গেছে, শুক্রবার দুপুরে ভবনের মালিক ও ভাড়াটিয়ারা রথযাত্রায় অংশ নিতে বাইরে গিয়েছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা ভবনের তিনটি ফ্লোরেই চুরি চালানোর পাশাপাশি নিচতলায় একা থাকা মলিনা রায়কে শ্বাসরোধ করে হত্যা করে।
সন্ধ্যায় বাড়ি ফিরে ভাড়াটিয়ারা তাদের ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে নিচতলায় গিয়ে মলিনা রায়কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আলামত সংগ্রহ করে। প্রাথমিকভাবে চুরিতে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, ‘প্রাথমিকভাবে এটি একটি চুরির ঘটনা বলেই মনে হচ্ছে। চুরির সময় মলিনা রায়কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।’ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।