
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ রয়েছে, প্রায় এক সপ্তাহ আগে নুরুজ্জামান কাফি তার ক্রয়কৃত জমিতে যাতায়াতের সুবিধার্থে বিদ্যালয়ের জমির ওপর রাস্তা নির্মাণ করেন। এ কাজে বাধা দিলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে জমি ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটির মোট ৪০ একর ৬৪ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে রাজপাড়া মৌজার জেএল নম্বর-৯-এর বিএস ১২ নম্বর খতিয়ানে ২১ একর ৭৬ শতাংশ জমির খাজনা ১৪৩২ বঙ্গাব্দ পর্যন্ত পরিশোধ করা হয়েছে। ২০১৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণের পর সরকারি বিধি অনুযায়ী এসব জমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নামে দলিলভুক্ত করা হয়। সম্প্রতি ওই জমির মধ্য থেকে সড়কের উত্তর পাশে প্রায় ৬ শতাংশ জমি দখল করে রাস্তা নির্মাণ করা হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, ‘গত এক সপ্তাহ আগে রাতের আঁধারে নুরুজ্জামান কাফি বিদ্যালয়ের জমির প্রায় ৬ শতাংশ অংশ দখল করে রাস্তা নির্মাণ করেন। বিদ্যালয়ের জমি উদ্ধারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
অভিযোগের বিষয়ে নুরুজ্জামান কাফি বলেন, ‘ওই জমির পেছনে আমার ক্রয় করা জমি রয়েছে, যেখানে যাওয়ার কোনো রাস্তা ছিল না। প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জমিটি কেনার প্রস্তাব দিয়েছিলাম। পরে জানতে পারি, জমিটি নিয়ে মামলা হয়েছে এবং মোবারক পঞ্চায়েতের উত্তরাধিকারীরা উচ্চ আদালত থেকে রায় পেয়েছেন। তাদের কাছ থেকে ৬ শতাংশ জমি বায়না চুক্তির মাধ্যমে ক্রয় করেছি এবং তারাই আমাকে দখল বুঝিয়ে দিয়েছেন। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে বিদ্যালয় কর্তৃপক্ষ মিথ্যা অভিযোগ করছে।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনাটি তদন্ত করে সত্যতা যাচাই করা হবে। যদি বিদ্যালয়ের জমি দখলের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’