
পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে তানিয়া (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার উত্তর লোহালিয়া এলাকার একটি কাঠাল গাছ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার সাহা জানান, স্থানীয় চৌকিদার হালিম মৃধার খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর লোহালিয়া এলাকার খান বাড়ির একটি কাঠাল গাছে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তানিয়ার মরদেহ দেখতে পায় পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তানিয়া অলি মুন্সির মেয়ে। তাঁর প্রথম স্বামীর ঘরে একটি সন্তান রয়েছে। বর্তমানে তিনি ওই এলাকার কামাল খানের স্ত্রী ছিলেন। পারিবারিক বা ব্যক্তিগত কোনো কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ‘মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’