
পটুয়াখালীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলন-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালী ব্যামাগারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন স্টলের মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়। এ ছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা মাকসুদ বায়জিদ পান্না, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এটি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের সঙ্গে ক্রেতাদের সরাসরি পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করে।
১০ দিনব্যাপী এ মেলায় স্থানীয় উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। আয়োজনকে সফল করতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আয়োজকরা।
Tags: