
ভোলার লালমোহন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল নোট ও ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহাবুদ্দিন (৪২) নামে এক আন্তঃজেলা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থ, দুটি দামি স্মার্টফোন এবং একটি বিলাসবহুল মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে লালমোহন থানার এসআই মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে একটি টহল দল উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এ সময় একটি নির্মাণাধীন ভবনের পাশে শাহাবুদ্দিনের সন্দেহজনক গতিবিধি দেখে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি চালিয়ে ৩৪ হাজার টাকার জাল নোট এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে তার নিকট থেকে মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৬৫০ টাকা, একটি আইফোন ১৬ প্রো-ম্যাক্স, একটি অপ্পো রেনো ১২-এফ মোবাইল ফোন, একটি বেসরকারি ব্যাংকের ডেবিট কার্ড এবং একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. শাহাবুদ্দিন কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। পুলিশের দাবি, তিনি একজন পেশাদার আন্তঃজেলা মাদক ও জাল টাকা কারবারি। তার বিরুদ্ধে লালমোহনসহ জেলার বিভিন্ন থানায় পূর্বের আরও ৮টি মামলা রয়েছে।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ভোলা জেলাজুড়ে অপরাধ দমনে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান আরও জোরদার করা হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, চরলক্ষ্মী এলাকা দীর্ঘদিন ধরে মাদক ও জাল নোট চক্রের নিরাপদ আখড়া হিসেবে পরিচিত ছিল। পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।