
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডোর টু ডোর সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে। অনিয়ম করে আঙিনায় ময়লা ফেললে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
শনিবার (৪ এপ্রিল) মাঝগ্রাম খাল সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ড এবং লাউকাঠী খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় খাল ও আশপাশের এলাকা থেকে জমে থাকা আবর্জনা অপসারণ, পানি জমে থাকা স্থান পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম চালানো হয়।
অভিযানে পৌর প্রশাসক জুয়েল রানা, মেডিকেল অফিসার ডা. একরামুল করিম নাহিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। পাশাপাশি তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ প্রদান করেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, অনেকেই খরচ বাঁচাতে নিজেদের আঙিনায় ময়লা ফেলে পরিবেশ দূষণ করছেন, যা ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধে পৌরসভার নির্ধারিত বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, নিয়ম না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত এ ধরনের সাপ্তাহিক কার্যক্রমের মাধ্যমে শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া এ উদ্যোগের সুফল পুরোপুরি অর্জন সম্ভব নয়।