
বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে ভোলা জেলা পুলিশে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) জেলা পুলিশের বিভিন্ন স্থাপনায় একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এবং বরিশাল রেঞ্জের ডিআইজির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
জেলা পুলিশ সূত্র জানায়, কর্মসূচির আওতায় জেলা পুলিশ লাইন্স, পুলিশ সুপারের কার্যালয়সহ জেলার অধীনস্থ সব সার্কেল অফিস, থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, আদালত পুলিশ ইউনিট, ডিবি ও সাইবার ক্রাইম অফিসসহ বিভিন্ন পুলিশি স্থাপনায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, পরিচ্ছন্নতা শুধু নিয়মিত দায়িত্ব নয়; এটি পেশাদারিত্ব ও শৃঙ্খলার গুরুত্বপূর্ণ অংশ। জনস্বার্থে স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখা হবে।
জেলা পুলিশ জানিয়েছে, কর্মপরিবেশ উন্নয়ন ও জনবান্ধব পুলিশিং জোরদারের লক্ষ্যে এখন থেকে প্রতি শনিবার এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত এ উদ্যোগের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও সেবাবান্ধব কর্মপরিবেশ গড়ে উঠবে।