1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু

ভোলায় পোস্টাল ব্যালটে ভোটার ১৪ হাজার ছাড়াল, চার আসনেই প্রস্তুতি সম্পন্ন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশের মতো ভোলাতেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, ভোলার চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন ১৪ হাজার ৭৩০ জন ভোটার।

ইসি সূত্র জানায়, বিদেশে অবস্থানরত নিবন্ধিত ভোটার, নির্বাচনের দিন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাবন্দী বা আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

ভোলা জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ভোলা-১ (ভোলা সদর) আসনে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত ভোটার ৩ হাজার ৭০১ জন। ভোলা-২ (বোরহানউদ্দীন–দৌলতখান) আসনে ৪ হাজার ২৬১ জন, ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দীন) আসনে ২ হাজার ৯৮১ জন এবং ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে নিবন্ধিত হয়েছেন ৩ হাজার ৭৮৭ জন ভোটার।

জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৯২ হাজার ৬৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৭৯ হাজার ৮৯৭ জন, নারী ভোটার ৮ লাখ ১২ হাজার ৭৭৫ জন এবং হিজড়া ভোটার ১৬ জন। মোট ভোটারের প্রায় শূন্য দশমিক ৮৮ শতাংশ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। এ জেলায় চারটি সংসদীয় আসনে মোট বৈধ প্রার্থী রয়েছেন ২৪ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশ ও বিদেশ মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন।

ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদি জানান, প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু হবে। ভোটাররা নির্ধারিত নিয়ম অনুসরণ করে ব্যালটে ভোট প্রদান করে তা ডাকযোগে সংশ্লিষ্ট সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পৌঁছানো নিশ্চিত করতে ডাক ব্যবস্থাপনায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পোস্টাল ব্যালট গণনার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে চারটি আলাদা কক্ষ নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশনের মতে, পোস্টাল ব্যালট ব্যবস্থা প্রবাসী ও দায়িত্বপ্রাপ্ত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করছে। এর ফলে নির্বাচন আরও অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে মনে করছে সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট