
বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—মোস্তাকিন (১৪), তাওহিদ ইসলাম (১৩) ও সৌরভ ঢালী (১৪)। মোস্তাকিন ধামসর গ্রামের বাসিন্দা। তাওহিদ ইসলাম ও সৌরভ ঢালী আটিপাড়া গ্রামের বাসিন্দা। তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদারের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে তিন কিশোর একটি মোটরসাইকেলে করে আটিপাড়া রাস্তার মাথা এলাকায় যাচ্ছিল। এ সময় ঢাকাগামী সুরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন কিশোরের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়কে জড়ো হলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উজিরপুর মডেল থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ এবং উজিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করেন।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সুরভী পরিবহনের বাসটি এবং নিহত তিন কিশোরের মরদেহ পরে গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস ও মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।