
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের খলিশাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহিদ হাওলাদার (২৩) নামে সরকারি বরহামগঞ্জ কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৬টার দিকে কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী বাসের চাপায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ মাদারীপুর জেলার শিবচর পৌরসভার বাসিন্দা শাহিন হাওলাদারের একমাত্র ছেলে। স্বজনরা জানান, দুই দিন আগে জাহিদ আট বন্ধু মিলে চারটি মোটরসাইকেলে করে কুয়াকাটা বেড়াতে যান। শুক্রবার সকালে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বৃষ্টির কারণে খলিশাখালী এলাকায় একটি গাছের নিচে কিছুক্ষণ আশ্রয় নেন তারা। পরে যাত্রা শুরু করলে জাহিদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের নিচে চলে যায়।
দুর্ঘটনায় জাহিদ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের খালাতো ভাই সায়েম বলেন, ‘কয়েক মুহূর্ত আগেও আমরা সবাই একসঙ্গে ছিলাম। হঠাৎ মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। চোখের সামনেই জাহিদকে হারাতে হলো।’ একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা শাহিন হাওলাদার। তিনি বলেন, ‘ছেলে বন্ধুদের সঙ্গে কুয়াকাটা বেড়াতে গিয়েছিল। ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।’
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই জাহিদের মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।