
পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাইম মৃধা (২০) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে উপজেলার ডাকুয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি অভিযানিক দল বুধবার সকাল ১১টা ৫৫ মিনিটে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হোগলবুনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাইম মৃধাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাইম মৃধার কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
গলাচিপা থানা পুলিশ জানায়, উপজেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।