
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ এলাকার ৪ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের এ সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন চলাচলকারী প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, শব্দর আলী খান বাড়ির দরজা থেকে ১৪৫ নম্বর পশ্চিম উত্তর চন্দ্র প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি এলাকার প্রধান যোগাযোগপথ হিসেবে ব্যবহৃত হয়। সড়কটির আশপাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি নূরানী মাদ্রাসা, তিনটি মসজিদসহ একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, চার থেকে পাঁচ বছর আগে স্থানীয়রা নিজ উদ্যোগে সাময়িকভাবে সড়কটি সংস্কার করলেও এরপর আর কোনো সরকারি সংস্কার কাজ হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে।
সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে শনিবার (৪ এপ্রিল) দুপুরে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন পশ্চিম উত্তর চন্দ্র প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেমায়েত, চন্দ্র প্রসাদ জামে মসজিদের সভাপতি মো. জামালসহ স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, বর্ষা মৌসুমে সড়কে পানি জমে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়; অনেক সময় পড়ে গিয়ে বই-খাতা ও পোশাক নষ্ট হয়।
স্থানীয়দের দাবি, শুকনো মৌসুমেও সড়কের অবস্থা এতটাই খারাপ যে রিকশা বা অন্যান্য যানবাহন চলাচল করতে পারে না। ফলে জরুরি মুহূর্তে অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে মারাত্মক ভোগান্তিতে পড়তে হয়।
এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।