
সাইবার আইনে দায়ের করা মামলায় ভোলা পৌরসভার এক নারী কর্মীকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা। সংগঠনটি গ্রেপ্তারকে ‘অযৌক্তিক’ দাবি করে তাঁর মুক্তির আহ্বান জানিয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে ভোলা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ভোলা পৌরসভার মহিলা কর্মী বিবি সাওদা (৩৭)–কে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা আমির মুহাম্মদ জাকির হোসাইনের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হারুন অর রশীদ। বক্তব্যে অভিযোগ করা হয়, রোববার রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের যমযম টাওয়ার এলাকায় নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে অতীতে এ–সংক্রান্ত আইনের অপব্যবহারের মাধ্যমে বাকস্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া বিবি সাওদার তিন বছর বয়সী বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে এবং সন্তানের দেখভালের জন্য তাঁর উপস্থিতি প্রয়োজন। পরিবারের অনুরোধ সত্ত্বেও বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বিবেচনায় নেয়নি বলে অভিযোগ করা হয়।
নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিবি সাওদার মুক্তি দাবি করেন। একই সঙ্গে গ্রেপ্তারের পেছনে কারা নির্দেশ দিয়েছেন, তা প্রকাশের আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মনির, প্রচার ও মিডিয়া পরিচালক অধ্যাপক আমির হোসেন এবং ভোলা পৌর জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিনসহ অন্যান্য নেতারা।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।