
পটুয়াখালীর দুমকি উপজেলায় এক কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা চালানোর অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় দুমকি উপজেলা-র থানা ব্রিজ এলাকা থেকে অভিযুক্ত মোস্তাকিম হাওলাদার (১৫)কে আটক করা হয়। তিনি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামের খোকন হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৬ মার্চ শুক্রবার ইফতারের পর শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন হাওলাদার ও তার স্ত্রী বিউটি আক্তার এক অসুস্থ স্বজনকে দেখতে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ যান। এ সময় তাদের বড় মেয়ে মুশফিকা জাহান নুসরাত (১৭) বাসায় একা ছিলেন।
সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে নুসরাত বাবা-মা ফিরে এসেছেন মনে করে দরজা খুলে দেন। অভিযোগ অনুযায়ী, ওই সময় মোস্তাকিম হাওলাদার ঘরে ঢুকে তার গলায় ছুরি ধরে চুপচাপ বসে থাকতে বলেন। কাউকে বিষয়টি জানাতে না পারে সে জন্য তার মোবাইল ফোনের সিম কার্ড খুলে ফেলতেও বাধ্য করা হয়।
পরে অভিযুক্ত কিশোর ঘরের বিভিন্ন জিনিসপত্র তল্লাশি শুরু করে। একপর্যায়ে সুযোগ বুঝে নুসরাত দরজার কাছে গিয়ে হঠাৎ বাইরে দৌড়ে বের হয়ে চিৎকার করলে অভিযুক্ত বারান্দা থেকে লাফিয়ে পালিয়ে যায়। তবে আশপাশের লোকজন তাকে দেখে চিনে ফেলেন।
প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে থানা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করেন। পরে খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় কিশোরীর মা ও স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা বিউটি আক্তার বাদী হয়ে দুমকি থানায় দস্যুতা সংঘটনের চেষ্টা ধারায় একটি মামলা দায়ের করেছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর অভিযোগ স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।