
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে পটুয়াখালীর মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা শাখার সিদ্ধান্তে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পটুয়াখালী জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সিয়াম মাহমুদকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সিয়াম মাহমুদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে শনিবার রাতে মহিপুর থানা এলাকায় আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে বহিষ্কারের সিদ্ধান্ত সরাসরি ওই ঘটনার প্রেক্ষিতে নেওয়া হয়েছে কি না—বিজ্ঞপ্তিতে সে বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি।