
পটুয়াখালীর দশমিনায় গভীর রাতে সরকারি সংরক্ষিত বনে গাছ কাটার সময় চারজনকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। এ সময় গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম ও কাঠ জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরহায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আলগার চর সংরক্ষিত বনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন দশমিনা ইউনিয়নের কাটাখালী গ্রামের হারুন মুন্সি, মোহসিন মৃধা, ইব্রাহিম মোল্লা এবং একই ইউনিয়নের হাজিরহাট গ্রামের মনির বিশ্বাস।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা জেলা বন কর্মকর্তার পরামর্শে দশমিনা থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় চারজনকে গাছ কাটারত অবস্থায় আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে করাত, কুঠার, দা, ১০-১২টি মোটা দড়িসহ গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া প্রায় ২০০টি ছোট-বড় গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
চরহায়দার ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা রওশন হাসান, যিনি মামলার বাদী, বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
উপজেলা বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সংরক্ষিত বন রক্ষায় বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। বন উজাড়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’