
ভোলায় সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর জিজেইউএস এগ্রো ফুড ফ্যাক্টরির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেলে ফ্যাক্টরির আনাষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
চরনোয়াবাদ হাজী আরশাদ আলী সড়কে জিজেইউএস খামার সংলগ্ন এলাকায় অবস্থিত এই ফ্যাক্টরিটি উদ্বোধন করা হয়। স্থানীয় পর্যায়ে নিরাপদ খাদ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এন্টারপ্রাইজের আওতায় এ ফ্যাক্টরি চালু করা হলো।
উদ্বোধন উপলক্ষে ফ্যাক্টরি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে।
বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মো. শওকত হোসেন, জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মাসুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা বিএনপির সদস্য লিয়াকত আলী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন ও বিএনপি নেতা মাজাহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিজেইউএস এর পরিচালক (মাইক্রোফিনান্স) মোঃ মেস্তফা কামাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত আমলে ভোলায় কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এর অন্যতম কারণ ছিল—কোনো শিল্প গ্রুপ ভোলায় জমি কিনতে এলে কথিত ‘রাজপুত্রকে’ মোটা অঙ্কের চাঁদা দিতে হতো। এ কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠানের মালিক ভোলায় কারখানা স্থাপন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আরও বলেন, গ্যাসসমৃদ্ধ ভোলায় পর্যাপ্ত শিল্পকারখানা গড়ে উঠলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। এর মাধ্যমে জেলার সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে—যা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার।
বক্তারা বলেন, জিজেইউএসের এগ্রো ফুড ফ্যাক্টরি চালু হওয়ার ফলে সম্পূর্ণ হাতের স্পর্শবিহীন প্রক্রিয়ায় শিশুদের জন্য মিড-ডে মিলের রুটি উৎপাদন সম্ভব হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য উৎপাদনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। আধুনিক প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এ প্রতিষ্ঠানটি ভোলা জেলার কৃষি ও শিল্প খাতকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু মিয়া, সিনিয়র সাংবাদিক মোসাদ্দেক হোসেন বাহারসহ জিজেইউএসের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।