
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে এ বৃদ্ধি কোরবানির ঈদের সময় কার্যকর হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। চলতি বছর ১০ শতাংশ ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটি বাস্তবায়ন হতে পারে কোরবানির ঈদের সময়।”
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ উৎসব ভাতা হিসেবে পান। সম্প্রতি এ ভাতা আরও ১০ শতাংশ বাড়িয়ে মোট কাঠামো বৃদ্ধির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাবনা তৈরি করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এ প্রস্তাব বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। সাম্প্রতিক এক বৈঠকে উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নাকচ হওয়ার তথ্যও সামনে এসেছে।
এদিকে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি—বেতন ও ভাতা কাঠামো যুগোপযোগী করা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আর্থিক চাপের প্রেক্ষাপটে ভাতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা।