
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। এ ঘটনায় গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, হরিদেবপুর এলাকার রঞ্জু হাওলাদারের পরিবারের সদস্যরা সকালে নিজেদের জমিতে কাজ করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে জামাল আকন, মমিন আকন, নূরুল আমিন আকন, নূরুল হক আকন, বশির আকন, হারুন আকন ও শিপলু আকনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের সঙ্গে আরও ২০–৩০ জন অংশ নেন বলে অভিযোগে বলা হয়েছে।
হামলায় নাজমুল হক হাওলাদার, মন্নান ফকির, মোসারেফ হোসেন হাওলাদার ও মিলন হাওলাদার গুরুতর আহত হন। তাঁদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া জেসমিন বেগম, আকলিমা বেগম ও সানজিদা আক্তারসহ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আহতদের মধ্যে নাজমুল হক হাওলাদারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গলাচিপা থানায় মামলা দায়ের করা হয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, অভিযোগ গ্রহণ করে এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।