
পটুয়াখালীর দুমকি উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামে একটি চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মনির ফকির ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা হঠাৎ করে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। এতে অন্তত ১০টি পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হওয়া ও দৈনন্দিন কাজে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধরা বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী নুর ইসলাম, মো. ফোরকান আলী, আব্দুর রাজ্জাক হাওলাদার, ফাতেমা বেগম, রুপবান বিবি ও কবির হাওলাদারসহ কয়েকজন জানান, কোনো ধরনের পূর্ব নোটিশ বা বৈধ কারণ ছাড়াই প্রতিবেশী লেবুখালী ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মনির ফকিরের নেতৃত্বে শাহজাহান সিকদার ও আইয়ুব আলী শরীফসহ কয়েকজন ওই পথটি বন্ধ করে দেন। তাদের অভিযোগ, প্রভাব খাটিয়ে পরিবারের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় তারা কার্যত অবরুদ্ধ অবস্থায় পড়েছেন।
ভুক্তভোগীরা দ্রুত রাস্তা উন্মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মনির ফকিরসহ সংশ্লিষ্টদের বক্তব্য জানতে তাঁদের বাড়িতে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে তাঁদের মন্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত সমাধান না হলে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।