
পটুয়াখালীতে নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এরপর জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
সূর্যোদয়ের সাথে সাথে পটুয়াখালী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রেস ক্লাবসহ নানা পেশাজীবী সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
সকাল সাড়ে ৮টায় পটুয়াখালী জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক।
বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। বীর মুক্তিযোদ্ধাদের এই আত্মত্যাগ ও বীরত্বগাথা প্রজন্মের পর প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। এ সময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা তাঁদের যুদ্ধের স্মৃতিচারণ করেন।
দুপুরে জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। এছাড়া এতিমখানা, হাসপাতাল ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে জেলাবাসী দিবসটি পালন করেন।