
ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলায় ফেরার পথে এক যাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মো. মোস্তাফিজুর রহমান (৪৫)।
নিহতের পরিবার জানায়, শুক্রবার দুপুরে ঢাকা থেকে ভোলার উদ্দেশে লঞ্চে রওনা হন মোস্তাফিজুর। যাত্রাপথে কয়েকজন অপরিচিত ব্যক্তি তাঁর সঙ্গে পরিচিত হয়ে কথা বলেন। একপর্যায়ে তাঁকে পানি পান করতে দেন তারা। ওই পানি পান করার পরপরই তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তাঁর সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতেই ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে অচেতন অবস্থায় মোস্তাফিজুরকে উদ্ধার করা হয়। পরে তাঁকে ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শামসুল আলম বলেন, অজ্ঞাত বিষক্রিয়াজনিত কারণে অসুস্থ অবস্থায় মোস্তাফিজুরকে হাসপাতালে আনা হয়। তিনি অচেতন ছিলেন। সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক সমীরণ মন্ডল বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভুক্তভোগীকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছিল। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।