
পবিত্র ঈদুল ফিতরের দিন ভোলার লালমোহন উপজেলায় পেট্রোলের দামে হঠাৎ অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা গেছে। সুযোগ নিয়ে কিছু বিক্রেতা লিটারপ্রতি ২০০ টাকায় পেট্রোল বিক্রি করছেন—এমন অভিযোগ করেছেন ভোক্তারা। এতে সাধারণ মানুষ ও যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন যানবাহনের চাপ ও জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় এলাকায় পেট্রোলের সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করছেন বলে অভিযোগ ওঠে।
লালমোহনের বাসিন্দা ও মোটরসাইকেলচালক সোহাগ বলেন, স্বাভাবিক সময়ে নির্ধারিত দামে পেট্রোল পাওয়া গেলেও ঈদের দিন পাম্পে তেল পাওয়া যায়নি। বাধ্য হয়ে বেশি দামে কিনতে হয়েছে, কারণ বিকল্প কোনো ব্যবস্থা ছিল না।
অন্যদিকে, এক বিক্রেতা সুমন দাবি করেন, তাঁরা বেশি দামে পেট্রোল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বিষয়টি অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
সরকারি হিসাবে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকার কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ, বাস্তবে মাঠপর্যায়ে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এতে ভোক্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
এ পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের মতে, যথাসময়ে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এ ধরনের অনিয়ম আরও বাড়তে পারে।