
ঈদুল ফিতরকে সামনে রেখে পটুয়াখালীর বিভিন্ন বিপণিবিতান ও গার্মেন্টস দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে। বিশেষ করে নারী ও শিক্ষার্থী ক্রেতাদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে শহরের প্রধান প্রধান বাজারে।
রোববার (১৫ মার্চ) পটুয়াখালী জেলা শহরের নিউমার্কেট, সদর রোড, পুরান বাজার, সবুজবাগ মোড় ও কাজীপাড়া রোড এলাকায় ঘুরে দেখা যায়, ঈদ উপলক্ষে নতুন পোশাক, জুতা ও কসমেটিকস কেনাকাটায় গার্মেন্টস দোকান, বিপণিবিতান ও শপিংমলগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। পরিবার নিয়ে অনেকেই শাড়ি, থ্রি-পিস, লুঙ্গি ও শিশুদের পোশাক কিনতে দোকানে দোকানে ঘুরছেন।
বিক্রেতারা জানান, রমজানের শেষ দিকে এসে ঈদ বাজারে কেনাকাটার চাপ আরও বেড়েছে। নারী ও স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের উপস্থিতি দোকানগুলোতে বেশি দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় ঈদকে সামনে রেখে বাজারে একই ধরনের ভিড় দেখা যাচ্ছে এবং বিশেষ করে নারীদের পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের চাপ বেশি থাকে বলে ব্যবসায়ীরা জানান।
সদর রোডের পুরাতন আদালত এলাকায় অবস্থিত বিভিন্ন বিপণিবিতান ও দোকানে ঈদের পোশাক ও জুতার জন্য ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।স্থানীয় একটি গার্মেন্টস দোকানের মালিক শাহ আলম বলেন, “মানুষ এখন হিসাব করে কেনাকাটা করছে। শিশুদের পোশাক, স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের থ্রি-পিস এবং ছেলেদের পাঞ্জাবির চাহিদা বেশি।”সদর রোডের একটি পোশাক দোকানের ব্যবসায়ী বিশ্বনাথ সাহা জানান, “ঈদের আগে ক্রেতার ভিড় বেড়েছে এবং বেচাকেনাও ভালো হচ্ছে। ঈদের আগের রাত পর্যন্ত এই কেনাকাটা চলবে।”অন্যদিকে বড় জামে মসজিদ সংলগ্ন জুতার দোকানিরাও জানান, ঈদের বাজারে জুতার বিক্রি বাড়ছে। তবে অনেক ক্রেতা অভিযোগ করেছেন, পোশাকের দাম তুলনামূলক বেশি হওয়ায় কেনাকাটায় চাপ পড়ছে।