
বরগুনার আমতলীতে একটি দাখিল মাদ্রাসার ভাড়া দেওয়া দোকানে তালা লাগিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দোকানের ভেতরে আটকা পড়েছে ব্যবসায়ী সফিকুল ইসলাম রিপন তালুকদারের প্রায় পাঁচ লাখ টাকার পশু ও মাছের খাদ্য। বন্ধ হয়ে গেছে তাঁর ব্যবসায়িক কার্যক্রম।
শুক্রবার (২৩ অক্টোবর) এ ঘটনায় মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান সরদার এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন হাওলাদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে আমতলী উপজেলার মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেদের জমিতে মানিকঝুড়ি স্ট্যান্ড এলাকায় সাতটি দোকান নির্মাণ করে। এরপর থেকে দোকানগুলো ভাড়া দিয়ে আসছে মাদ্রাসা কর্তৃপক্ষ। গত ১ আগস্ট মাদ্রাসা ভবনের সামনে অবস্থিত একটি দোকান ব্যবসায়ী সফিকুল ইসলাম রিপন তালুকদারকে ভাড়া দেওয়া হয়। সেখানে তিনি পশু ও মাছের খাদ্য বিক্রি করছিলেন।
অভিযোগ অনুযায়ী, গত বুধবার রাতে জসিম উদ্দিন হাওলাদারের নির্দেশে শাহজাহান সরদার ও মোশাররফ হোসেন হাওলাদার দোকানটিতে তালা লাগিয়ে দেন। এতে ভেতরে থাকা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আটকা পড়ে এবং ব্যবসা বন্ধ হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব মো. হুমায়ুন হাসান শাহীন দোকানের তালা খুলে দেওয়ার নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এরপরও তালা খোলা হয়নি বলে অভিযোগ রয়েছে।
ব্যবসায়ী সফিকুল ইসলাম রিপন তালুকদার বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে দোকানটি ভাড়া নিয়ে তিনি ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু বুধবার রাতে তাঁর দোকানে তালা লাগিয়ে দেওয়ায় ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। দ্রুত দোকানটি খুলে দেওয়ার দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে উপজেলা শ্রমিক দলের সহসভাপতি শাহজাহান সরদার দোকানে তালা লাগানোর কথা স্বীকার করেন। তাঁর দাবি, মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে দোকানটি ভাড়া দিয়েছে। তাই তিনি নিজের ঘরে তালা দিয়েছেন। তবে ভাড়ার চুক্তিপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। শাহজাহান আরও দাবি করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম হাওলাদারের নির্দেশে তিনি দোকানে তালা লাগিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে জসিম উদ্দিন হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের বলেন, মাদ্রাসার দোকান দখলের উদ্দেশ্যে শাহজাহান সরদার ও তাঁর সহযোগীরা জোরপূর্বক তালা লাগিয়ে দিয়েছেন। এ ঘটনায় তিনি আমতলী থানায় লিখিত অভিযোগ করেছেন। একই সঙ্গে দোকানে তালা দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব মো. হুমায়ুন হাসান শাহীন বলেন, বিষয়টি জানার পর দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানের তালা খুলে দিতে বলেছেন। দলের কেউ অপরাধ করলে তার দায়ভার দল নেবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কাজ কাউকে করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।