
পটুয়াখালীর বাউফলে এক বাক ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ফলে ওই কিশোরী বর্তমানে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করার পর পুলিশ মঙ্গলবার (১০ জুন) অভিযুক্ত মো. সাব্বির খান ওরফে রাব্বিকে (১৯) গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী উপজেলার বগা ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামের এক দিনমজুরের মেয়ে। সে জন্মগতভাবেই বাক ও দৃষ্টি প্রতিবন্ধী।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে কোনো এক সময় কিশোরীটি তার ছোট ভাইকে খোঁজার জন্য প্রতিবেশী বাঘা হাওলাদারের বাগানের পাশে যায়। এ সময় নির্জন স্থানের সুযোগ নিয়ে অভিযুক্ত সাব্বির খান রাব্বি ওই কিশোরীর ওড়না দিয়ে মুখ বেঁধে নিকটস্থ খড়ের গাদার পাশে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
সম্প্রতি কিশোরীটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে স্থানীয় বগা বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পটুয়াখালী সদরের এক প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞের কাছে নেওয়া হয়। আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, ওই কিশোরী ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
এরপর পরিবারের সদস্যরা কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে ইশারায় জানায়, ঘটনার দিন সাব্বির খান রাব্বি তাকে জোরপূর্বক মুখ বেঁধে ধর্ষণ করেছে। আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করায় থানায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং প্রধান অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য আগামীকাল সকালে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’