ভোলার চরফ্যাশন উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ আটজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
এর আগে, বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
- নোয়াখালী জেলার আজগর হোসেন।
- মো. সেলিম।
- লক্ষ্মীপুর জেলার কবির হোসেন।
- ভোলা সদর উপজেলার আব্দুল মমিন।
- চরফ্যাশন উপজেলার মো. শামীম ও মো. ইউসুফ।
- চরফ্যাশনের দুলারহাট থানা এলাকার মো. সিরাজ।
- দৌলতখানের মো. রায়হান।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৬৬ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৪৯২ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ আটজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।