ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ হাসি আক্তার (৩২) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর স্বামীর বসতঘর থেকে জাল নোট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। তবে এ ঘটনায় তাঁর স্বামী মো. কাওসার খান (৩৫) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ৮ নম্বর ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা এলাকায় কাওসার খানের বসতঘরে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫০০ টাকার ৯২টি এবং ১ হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটগুলোর মোট মূল্য ৪৭ হাজার টাকা। এ ছাড়া একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে হাসি আক্তারকে আটক করা হলেও তাঁর স্বামী কাওসার খান পলাতক রয়েছেন।
এ ঘটনায় এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে হাসি আক্তার, কাওসার খান এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন। মামলাটি বিশেষ ক্ষমতা আইনের ২৫এ(বি)/২৫ডি ধারায় করা হয়েছে।
ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক নারীকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।