বরিশালের মেহেন্দীগঞ্জে যুবদল নেতা আলামিন হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি মনজু হাওলাদারকে দীর্ঘ ১১ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাতে গাজীপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মনজু হাওলাদারের বয়স ৩৬ বছর। তিনি মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামের আবদুল গণি হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর দুপুরে বিদ্যানন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আলামিন হাওলাদারকে পথরোধ করে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা সালাম হাওলাদার বাদী হয়ে মনজু হাওলাদারকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকেই মনজু পলাতক ছিলেন।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা মনজুর অবস্থান শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয় পুলিশ। পরে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
মামলার প্রধান আসামি গ্রেপ্তারের খবরে দীর্ঘ ১১ বছর পর নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁরা দ্রুত বিচারকাজ সম্পন্ন করে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
নিহত আলামিনের বাবা ও মামলার বাদী সালাম হাওলাদার বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনজু তার বাহিনী নিয়ে আমার ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। আমি ছেলের হত্যার বিচার চাই। আসামি মনজুর ফাঁসি দাবি করছি। দ্রুত যেন এ হত্যাকাণ্ডের বিচার হয়, এটাই প্রশাসনের কাছে আমার দাবি।”
কাজিরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যা মামলার প্রধান আসামি মনজু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।