ঝালকাঠির নলছিটি উপজেলায় ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দক্ষিণ ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে মো. মাসুদ হোসেন ওরফে ঘোড়া মাসুদ (২৬) এবং পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী গ্রামের শাহ আলম সরদারের ছেলে রাজু আহমেদ নাঈম (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে নলছিটি থানা-পুলিশের একটি দল দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আনোয়ার হোসেন হাওলাদারের বসতঘর থেকে মাসুদ ও নাঈমকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।