
ছেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই না-ফেরার দেশে চলে গেলেন মা। মাত্র এক দিনের ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোড এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলম আরা খান। তিনি প্রয়াত আইনজীবী আশরাফ আলী খানের স্ত্রী এবং প্রয়াত মুশফিকুর রহমান খান মামুনের মা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মুশফিকুর রহমান খান মামুন। ছেলের আকস্মিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েন তাঁর মা আলম আরা খান। এর মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়।
আলম আরা খান ছিলেন গার্লস স্কুল রোড এলাকার চিকিৎসক প্রয়াত মোয়াজ্জেম হোসেন খানের চতুর্থ মেয়ে।
এক দিনের ব্যবধানে মা-ছেলের এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। তাঁদের মৃত্যুতে আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন।