ভোলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার, বাল্কহেড ও নৌকাসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর হোসেনসংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
শনিবার কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. আবুল বাসার (৩৯), মো. ইসমাইল (৩১), মো. সিদ্দিক হাওলাদার (৩০), মো. তারেক রহমান (২২), মো. আরিফ হাওলাদার (৩০), মো. হাসান হাওলাদার (২৫), মো. আলমগীর (৫৮) ও মো. রাজিব হাওলাদার (১৯)। তাঁদের বাড়ি ভোলা ও বরিশালের বিভিন্ন উপজেলায়।
অভিযানে জব্দ করা ড্রেজার, বাল্কহেড ও নৌকা বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা সরঞ্জামগুলো ১৫ কার্যদিবসের মধ্যে নিলামে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।