ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে ভোলায় Bangla QR ব্যবহারে জনসচেতনতা তৈরিতে প্রচারণা চালিয়েছে ব্যাংক এশিয়া। বুধবার (১২ আগস্ট) দিনব্যাপী র্যালি, মতবিনিময় ও প্রচারণামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে ভোলা পৌরসভা চত্বর থেকে র্যালির মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে শহরের একটি রেস্টুরেন্টে Bangla QR বাস্তবায়ন ও ব্যবহার বাড়াতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের পরিচালক মো. হাফিজুর রহমান, মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, মো. মাহমুদুর রহমান ও আবু রায়হান। জেলা বিএসপির সদস্য সচিব রাইসুর আলম উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার হেড অব এডিসি মো. নাজিরুজ্জামান খান।
আলোচনায় বক্তারা বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে Bangla QR গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এর ব্যবহার বাড়ানো গেলে ক্যাশলেস লেনদেনের পরিধি আরও বিস্তৃত হবে।
কর্মসূচিতে Bangla QR-এর সুবিধা, ব্যবহারের পদ্ধতি এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরা হয়। ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে এর ব্যবহার বাড়াতে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন বক্তারা।
ব্যাংক এশিয়ার কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা মতবিনিময় সভায় অংশ নেন। আয়োজকদের আশা, এ ধরনের প্রচারণার মাধ্যমে ভোলায় Bangla QR ব্যবহারে ব্যবসায়ী ও গ্রাহকদের আগ্রহ বাড়বে এবং নগদবিহীন লেনদেনের প্রসার ঘটবে।