বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে বিশেষ অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৩৪) নামের এক ট্রলারচালককে আটক করেছে নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ি। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাতিরহাট ঘাট সংলগ্ন নদীর মাঝখান থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক দেলোয়ার হোসেন উপজেলার সফিপুর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে এবং পেশায় একজন ট্রলারচালক।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন খান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানার নেতৃত্বে একটি দল জয়ন্তী নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন স্টিল বডির ট্রলারে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রলারচালক দেলোয়ার হোসেনের লুঙ্গির কোঁচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেল্লাল হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নৌ পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’